উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ভূমি অফিসের ক্যান্টিলিভার ছাদ

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ভূমি অফিসের ক্যান্টিলিভার ছাদ
পুটিজুরি ভূমি অফিসের ক্যান্টিলিভার ছাদের ভাঙা দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ভূমি অফিসের নবনির্মিত ভবনের সামনের ক্যান্টিলিভার ছাদ উদ্বোধনের আগেই ধসে পড়েছে।

Advertisement

এক মাস আগে ছাদটি নির্মাণ করা হয়েছিল। শুক্রবার (২৬ জুন) হঠাৎ এটি ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণেই এত অল্প সময়ের মধ্যে সরকারি ভবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ছাব্বির আহমেদ বলেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তদারকির ঘাটতির কারণেই এমনটা ঘটেছে। মাত্র এক মাসের মধ্যে একটি সরকারি ভবনের ক্যান্টিলিভার ছাদ ভেঙে পড়া অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরো ভবনের নির্মাণমানও পরীক্ষা করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সজিব আহমেদ বলেন, সাটারিং খোলার সময় কিছু ত্রুটির কারণে ক্যান্টিলিভার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মাণকাজে কিছু অনিয়মের বিষয় আমরা স্বীকার করছি। তবে দ্রুত এটি মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।

বাহুবল উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে এলজিইডির টিইউএলআইপি-২ প্রকল্পের আওতায় ৯২ লাখ ১৩ হাজার ৯৮৬ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজের দায়িত্ব পায় হবিগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিপা ভূইয়া।

স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক প্রভাবশালী হওয়ায় অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। এ ছাড়া ভবনের অন্য অংশগুলোও নিরাপদ কি না, তা পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা। তাদের আশঙ্কা, নির্মাণকাজে ত্রুটি থেকে থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি, ক্যান্টিলিভার অংশে রডের বাইন্ডিংয়ে ত্রুটি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হানিকম্ব সৃষ্টি হয়ে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি স্বাভাবিকভাবে ধসে পড়েছে, নাকি ভেঙে ফেলা হয়েছে—বিষয়টি তদন্তসাপেক্ষ। সংশ্লিষ্টদের ক্যান্টিলিভার অংশটি পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নির্মাণকাজে গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :হবিগঞ্জ