logo

জামালপুরে পহেলা বৈশাখে দেওয়া হবে সাড়ে তিন হাজার কৃষক কার্ড

জামালপুরে পহেলা বৈশাখে দেওয়া হবে সাড়ে তিন হাজার কৃষক কার্ড

জামালপুরে প্রথম ধাপে ৩ হাজার ৬৫৮টি কৃষক কার্ড বিতরণ করা হবে। পহেলা বৈশাখের দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় ৩ হাজার ৬৫৮ জনকে এই কার্ডের আওতায় রয়েছেন। উদ্বোধনের দিন তাদের হাতে তুলে দেওয়া হবে কার্ড।

এ উপলক্ষে উপজেলার নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এক অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ জামালপুর জেলার সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

যেসব কৃষক কার্ড পাবেন, ইতোমধ্যে তারা বার্তা পেয়ে নিশ্চিত হয়েছেন। এমন একজন কৃষক হারুন। তিনি বলেন, আমরা যারা কৃষক, তারা সার, বীজ ও আর্থিক সমস্যার কারণে কৃষিকাজ করতে অসুবিধায় পড়তে হয়। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে কৃষক ঋণ, সার, খুব সহজেই নিতে পারব।

কৃষি কার্ডের মাধ্যমে একজন কৃষক প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ পাওয়া, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বিমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, কৃষি কার্ড বিতরণের মাধ্যমে আমরা একটি নতুন যুগের সূচনা করছি। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ডিজিটাল পদ্ধতিতে সহজেই সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ পাবেন। পাশাপাশি এটি কৃষকদের জন্য একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা সরকারি বিভিন্ন সুবিধা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।