logo

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই ওয়ার্ডে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। একই সময়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু।

শুক্রবার (১ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাস বয়সি এক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। একইদিন সকালে জামালপুরের ইসলামপুর থেকে আনা ৫ মাস বয়সি আরেক শিশুও একই কারণে মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৯১১ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং একজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনের ৮ তলায় তিনটি মেডিকেল টিম নিয়ে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।