এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর পিআইও বিজন কৃষ্ণ খরাতী গ্রেপ্তার

‘গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিখোঁজ পিআইও বিজন কৃষ্ণ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, এনআই অ্যাক্টের (চেক জালিয়াতি) মামলায় বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকেই গত দুই সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গত ১৮ এপ্রিল ‘গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিখোঁজ পিআইও বিজন কৃষ্ণ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার পর থেকেই তথ্য প্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি রাখা হয়। তার নামে ঝালকাঠিসহ বেশ কয়েকটি থানায়ও মামলা আছে।