চোখে চেতনানাশক ছিটিয়ে বিকাশকর্মীর ৫ লাখ টাকা ছিনতাই

ঝালকাঠি সদর উপজেলায় এক বিকাশকর্মীর ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিঅ্যান্ডবি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশরাফুল ঝালকাঠি শহরের ‘জাবেদ টেলিকম’ নামের একটি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিঅ্যান্ডবি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র তাঁর গতিরোধ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা আকস্মিকভাবে আশরাফুলের চোখ-মুখে গুঁড়া জাতীয় মাদকদ্রব্য বা চেতনানাশক ছিটিয়ে তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীদের ধরা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে জাবেদ টেলিকমের মালিক ও প্রতিষ্ঠানের অন্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জাবেদ টেলিকমের ব্যবস্থাপক (ম্যানেজার) ওবায়দুল রহমান বলেন, আমাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।





