গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ১২০ নম্বর দিঘারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখানে সমবেত হন। এ সময় তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য একটি ঝটিকা মিছিল করেন।
পরে নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। কর্মসূচি শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।






