গ্রেপ্তার বিএনপি নেতা আহম্মদ আলীকে বহিষ্কার

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে এ মামলায় আহম্মদ আলীসহ পাঁচ আসামি গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
ধর্ষণের শিকার তরুণীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা মাধবদী থানায় মামলা করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন। বুধবার ভুক্তভুগীর বাবা মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।