logo

সীমান্ত এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

সীমান্ত এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
সীমান্ত এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি। ছবি : এশিয়া পোস্ট

সীমান্তবর্তী এলাকার বেকার যুব সমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৬ সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলাচলকারী এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন বেকার তরুণ অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎসহ আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে বিজিবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হবে। ফলে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপকর্ম ও মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।

তিনি আরও জানান, সীমান্তে বিকল্প কর্মসংস্থান তৈরি ও স্থানীয়দের দক্ষতা বৃদ্ধিতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিংসংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ দিয়েছিল ৫৩ বিজিবি।