জ্বালানি তেল আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহতীর মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার বানিবহ হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহতীর মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পেট্রোল পাম্প থেকে তেল আনতে বের হন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। বানিবহ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগলে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজা রহমান জানান, গুরুতর অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মাথার পেছনে আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।