logo
Advertisement

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা
পুকুর পরিষ্কার করা দুই মাদকসেবী মোহাম্মদ সাকিব ও জাহেদ আলম। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর সোনাগাজীতে প্রকাশ্যে গাঁজা সেবনকালে দুই মাদকসেবীকে আটক করে বাজারের ময়লা পুকুর পরিষ্কার করিয়েছেন যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রমতে, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় বৃহস্পতিবার সকালে দুই ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরবর্তীতে আটককৃতদের বক্তারমুন্সী বাজারে এনে বাজারের মাঝখানে অবস্থিত দীর্ঘদিনের নোংরা পুকুরটি পরিষ্কারের কাজে নামিয়ে দেওয়া হয়।

পুকুর পরিষ্কারকারী ব্যক্তিরা হলেন— উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।

এ বিষয়ে দাউদুল ইসলাম মিনার জানান, সকালে দুজন গাঁজা সেবন করছে শুনে আমরা গিয়ে তাদের হাতেনাতে ধরি। সচরাচর মাদকসেবীদের পুলিশে সোপর্দ করলে জামিনে বের হয়ে এসে তারা আবারও একই মাদক কারবারে জড়িয়ে পড়ে। তাই সমাজে সচেতনতা বাড়াতে এবং অন্যদের এ ধরনের কাজ থেকে নিরুৎসাহিত করতেই তাদের দিয়ে বাজারের পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।