Advertisement

ইমামকে ঘিরে দ্বন্দ্ব/মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
মহেশপুরে সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদ। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের মহেশপুরে সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। একই মসজিদে ভেতরে ও বারান্দায় পৃথকভাবে জামাতে নামাজ আদায়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমামকে নিয়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কমিটিতে বিএনপি ও জামায়াত—উভয় পক্ষেরই সমর্থক রয়েছেন। জামায়াত সমর্থকরা বর্তমান ইমামকে পরিবর্তনের দাবি জানালেও বিএনপি সমর্থকরা তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেন। বিরোধের একপর্যায়ে গত শনিবার থেকে দুপক্ষ একই সময়ে পৃথক জামাতে নামাজ আদায় শুরু করে। বিএনপি সমর্থকরা বর্তমান ইমামের নেতৃত্বে মসজিদের ভেতরে নামাজ আদায় করেন। অন্যদিকে জামায়াত সমর্থকরা নিজেদের মধ্য থেকে একজনকে ইমাম করে মসজিদের বারান্দায় পৃথক জামাত পরিচালনা করেন। এতে এলাকায় যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতির অবনতি ঠেকাতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উভয় পক্ষের প্রতিনিধি ও বর্তমান ইমামকে থানায় ডেকে নেন। রাত ৮টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মীমাংসার চেষ্টা করেন। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষ বর্তমান ইমামকেই সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে বহাল রাখার বিষয়ে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মসজিদ কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনিই ইমামতির দায়িত্ব পালন করবেন।

জামায়াতে ইসলামী সাড়াতলা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বর্তমান ইমাম নিয়মিত সময়মতো মসজিদে আসতেন না এবং নামাজ পরিচালনায়ও বিলম্ব হতো। এসব বিষয় বিবেচনায় তাকে পরিবর্তনের চিন্তা করা হয়েছিল। কিন্তু বিএনপি সমর্থকদের আপত্তির কারণে বিরোধ তৈরি হয়। পরে থানায় আলোচনার মাধ্যমে বিষয়টির সুন্দর সমাধান হয়েছে।

অন্যদিকে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন, খুতবায় কেবল কোরআন-হাদিসের আলোচনাই হওয়া উচিত, কোনো রাজনৈতিক বা ভিন্ন বক্তব্য নয়। এ বিষয়টি নিয়েই মূলত মতবিরোধের সূত্রপাত হয়। তবে পুলিশের উদ্যোগে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একমত হয়েছে এবং বর্তমানে আর কোনো সমস্যা নেই।

এদিকে শুক্রবার জুমার নামাজের আগে ওসি মেহেদী হাসান সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে সশরীরে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন। তিনি সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্প্রীতি রক্ষা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা কাম্য নয়। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে।

বিষয় :ঝিনাইদহ