সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আ.লীগ কর্মী, প্রতিবাদ বিএনপির

গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগে আওয়ামী লীগের এক কর্মীকে চূড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডিলার প্রত্যাশী মো. শাহিনুর ইসলাম শাহিনুর। তিনি বলেন, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে সার ও কীটনাশক ডিলার নিয়োগের নির্বাচন শেষ পর্যায়ে রয়েছে। সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সার ও কীটনাশক ডিলার নিয়োগের লক্ষ্যে তিনজনের মধ্যে আওয়ামী লীগ কর্মী সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মী এ.টি.এম সাখাওয়াত হোসেন ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এবং ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। পাশাপাশি ২০২৪ সালের ৭ জানুয়ারি অবৈধ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপকভাবে কাজ করেন। এমন একজন রাজনৈতিক কর্মীর নাম সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় কীভাবে আসলো তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি, আওয়ামী লীগের কর্মী এ.টি.এম সাখাওয়াত হোসেনের নাম ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা থেকে অবিলম্বে বাতিল করতে গাইবান্ধা জেলা প্রশাসক এবং জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে দাবি জানান। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।