বগুড়ায় বসতবাড়িতে আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

বগুড়ার শেরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আবু রায়হান আজাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে খন্দকারটোলা এলাকার বাসিন্দা আবু রায়হান আজাদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন দ্রুত বাইরে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়ির পাঁচটি কক্ষ, আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবু রায়হান আজাদ বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে তিনি বাড়িতে এসে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শোবার ঘরে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তের পর বলা যাবে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।