সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা থাকলেও আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজার অনুসরণ করলে দেশে সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা ও চাপ প্রয়োগের মাধ্যমে তা আটকে রেখেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সয়াবিন ও পাম অয়েল বাংলাদেশে উৎপাদিত হয় না। ফলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্য ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে। প্রচলিত মূল্য নির্ধারণের সূত্র অনুযায়ী হিসাব করলে সয়াবিন তেলের দাম বর্তমানে নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা বেশি হওয়ার কথা। কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে এবং একধরনের চাপ প্রয়োগ করে এখন পর্যন্ত দাম আটকে রাখা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের আনুষঙ্গিক ব্যয়, প্রক্রিয়াজাতকরণ খরচ এবং অপচয়ের পরিমাণ বিবেচনায় নিয়ে প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই প্রতি লিটারের প্রকৃত খরচ যাচাই করতে পারবেন।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। বিশেষ করে রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিয়ে আপাতত কোনো উদ্বেগ বা সংকটের আশঙ্কা নেই।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
