logo

জুমার নামাজে যাওয়ার পথে প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

জুমার নামাজে যাওয়ার পথে প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

কক্সবাজার মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকায় প্রাইভেটকার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর প্রাইভেটকার জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচি পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত নজির আহমদ (৬৫) একই এলাকার বাসিন্দা।

আটক গাড়িচালকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া না গেলেও তিনি টেকনাফের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে নজির আহমদ বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদের দিকে রওনা দেন। তিনি মেরিন ড্রাইভের পশ্চিম পাশ ধরে হেঁটে মসজিদে যাচ্ছিলেন। টেকনাফ থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া জানান, মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।