টেকনাফে বিএনপির কার্যালয়ে আগুন

কক্সবাজারের টেকনাফে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৫ এপ্রিল) ভোরে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড ব্যাহত করতে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তারা দাবি করেন, এক জামায়াত নেতার ছত্রছায়ায় স্থানীয় কিছু চিহ্নিত মাদক কারবারি ও স্বৈরাচারের দোসররা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকার কিছু অপরাধী আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। আমরা ধারণা করছি, তারাই কার্যালয়ে আগুন দিয়েছে। ইতোমধ্যে কয়েকজনের নাম এসেছে, সেগুলো যাচাই করা হচ্ছে।
এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের খুঁজে বের করা হবে।
পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ বলেন, দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা এই অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।