বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে পাঁচ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে পরিত্যক্ত ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছেন। এর আগে আজ সকাল ৮টার দিকে ভাঙ্গুড়া পৌর সদরের একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় শিলপাটা ধারক আব্দুস সাত্তার সোমবার সকালে বাড়ির সামনে খেলতে থাকা ওই শিশুটিকে একা পেয়ে বিস্কুটের প্রলোভন দেখান। পরে তাকে পাশের একটি পরিত্যক্ত টিনের ঝুপড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত সটকে পড়েন।
ঘটনার পর থেকে আব্দুস সাত্তার আত্মগোপনে রয়েছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য নিতে বাড়িতে গেলে ঘরে তালা ঝুলতে দেখা যায়, ফলে পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, শিশুটির বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



