জামালপুরের চাচা হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে চাচা আব্দুল হক হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালামকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৬ জুন) জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পৈতৃক কৃষি জমি নিয়ে পূর্ববিরোধের জেরে চাচা আব্দুল হকের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ভাতিজা আব্দুস সালাম। এ সময় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর জেলা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুরের গাছা এলাকা থেকে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আইন নিজের গতিতেই চলবে এবং অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
