বাঁশ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মসজিদ সভাপতির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমন আলী চর বড়লই গ্রামের মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে। তিনি চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গরু-ছাগল নিয়ে চরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারের সঙ্গে একটি বাঁশ আটকে থাকতে দেখেন তিনি। বিষয়টি বুঝতে না পেরে ওই বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।