এইচএসসি পরীক্ষায় মোবাইল ব্যবহার, বহিষ্কার ৫ শিক্ষার্থী

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ছাত্রী ও চারজন ছাত্র। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার এবং অসাধু উপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব ও কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।





