প্রয়োজনে রোজা রেখে দায়িত্ব পালন করবে লক্ষ্মীপুর পুলিশ

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেছেন, নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে রোজা রেখে দায়িত্ব পালন করতে হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে আইনশৃঙ্খলায় নিয়োজিত যৌথসভায় নির্বাচনি ব্রিফিংকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কেন্দ্রে ডিউটি পালন করতে গিয়ে কোনো প্রার্থী, কিংবা সমর্থিত কারও কাছ থেকে এককাপ চা ও খাবেন না। ‘খোরাকি’সহ ভাতার টাকা এবার অগ্রিম দেওয়া হয়েছে, তাই নিজের টাকায় খাবেন। পুলিশের যে ‘অতীত ইতিহাস’ তা ভুলে যেতে হবে। ভালো একটা নির্বাচন উপহার দিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. রাহাত উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কয়েকশ সদস্য।