সাবেক মন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সাবেক পরিকলল্পনা মন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারি ও রাজনৈতিক সচিব হাসনাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এই আদেশ দেন।
একই দিন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে কারাগারে পাঠিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ।
২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলার একটি মামলার ৪৯ নম্বর আসামি হাসনাত হোসেন। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
ওই মামলায় এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কারাগারে ছিলেন। তারা বর্তমানে জামিনে রয়েছেন।
রেজাউল করিম রিজু ২০২৪ সালের ১৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির অফিস পুড়ানোর মামলার ২ নম্বর আসামি।
সুনামগঞ্জ আদালতে পুলিশের পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, তারা দুজন আদলতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছিলেন। আদালত জামিন না দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।
