logo

দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে বাধাগ্রস্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে বাধাগ্রস্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রশাসনিক কাঠামোয় নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। দুর্নীতি পুরোপুরি শেষ হয়েছে—এমন দাবি না করলেও তা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নিষিদ্ধ কোনো সংগঠন বা গোষ্ঠী বিশৃঙ্খলা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাংবিধানিকভাবে বাংলাদেশে যাদের রাজনীতি করার সুযোগ নেই, তারা গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চাইলে বাংলার মাটিতে, বিশেষ করে মানিকগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

তিনি বলেন, কোথাও কোথাও পটকা ও ককটেল বিস্ফোরণ, ব্যানার টাঙানোসহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে কেউ দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইলে তা প্রতিহত করতে হবে। তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো ধরনের প্রতিহিংসা বা সহিংস কর্মকাণ্ড করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিতে হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা অতীতে নির্যাতনের শিকার হলেও বিরোধী রাজনৈতিক দলের মানুষের বাড়িঘরে হামলা করেননি। বরং বিভিন্ন সময়ে থানা ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর পাহারা দিয়েছেন। ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সার নিয়ে কোনো ধরনের সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে ইউনিয়ন পর্যায়ে নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্তসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।