logo
Advertisement

ডুবতে থাকা শিশুকে বাঁচাতে দুই বোনের ঝাঁপ, প্রাণ গেল একজনের

এশিয়া পোস্ট নিউজ,শেরপুর
ডুবতে থাকা শিশুকে বাঁচাতে দুই বোনের ঝাঁপ, প্রাণ গেল একজনের
নকলা থানা। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

শেরপুরের নকলায় মৃগী নদীতে তলিয়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নিহতের জমজ বোন সামিয়া আক্তার।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার উপজেলার চরমধুয়া গ্রামের সেলিম রেজার মেয়ে এবং চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, লামিয়া আক্তার ও তার জমজ বোন সামিয়া আক্তার শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদীতে গোসল করতে যায়। এ সময় তারা সিজদা (৮) নামের এক শিশুকে নদীর পানিতে ডুবে যেতে দেখে। শিশুটিকে বাঁচাতে দুই বোনই ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও লামিয়া পানির তীব্র স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামিয়ার অপর বোন সামিয়া আক্তারকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নকলা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নদীতে ডুবে কিশোরীর মৃত্যুর ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :