logo

বাড়ির পাশে খেলছিল দুই শিশু, পরে পরিত্যক্ত পুকুরে ডুবে মৃত্যু

বাড়ির পাশে খেলছিল দুই শিশু, পরে পরিত্যক্ত পুকুরে ডুবে মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের দুই বছরের মেয়ে নুসাইবা আক্তার ও সিদ্দিক হোসেনের বোন মরিয়মের তিন বছরের মেয়ে আদিবা আক্তার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে দুই শিশুর মৃত্যু হয়েছিল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।