logo

শরীয়তপুরে কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরে কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল
শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়কে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়কে মাথায় কাফনের কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সায়েম আকন (২৫) নামের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তবে মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত সরে যায়।

আটক সায়েম আকন সদর উপজেলার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সাজিদ মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টে সাজিদ মোল্লা লেখেন, পুরো শহরজুড়ে ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা। কিন্তু আমি সাজিদ মাথায় কাফন বাঁধলে যুদ্ধের ময়দান যেটাই হোক, টর্নেডোর মতো হঠাৎ দেখা দেওয়ার ক্ষমতা রাখি।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কোর্ট মোড় এলাকা থেকে ৫-৭ জন দৌড়াতে দৌড়াতে মিছিল করে ট্রাফিক বক্সের দিকে চলে যায়। এ সময় মিছিলের সামনে থাকা রাজন, সাজিদ মোল্লা ও সায়েম আকনকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে সায়েম আকনকে আটক করা হয়। মিছিলে অংশ নেওয়া অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, আজ দুপুরে বৃষ্টির মধ্যে ৫-৭ জন লোক দৌড়ের ওপর মিছিল করতে করতে পালিয়ে যায়। পরে আমরা অভিযান চালিয়ে সায়েম আকন নামে একজনকে আটক করেছি। সে মিছিলের সামনে অবস্থান করছিল। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।