হাসিনা সরকারের পথে হাঁটছে তারেক রহমানের সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, বর্তমান তারেক রহমানের সরকারও একই পথে হাঁটছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের অংশ হিসেবে টাঙ্গাইলে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, হাসিনার সরকার তারেক রহমানের সরকারের পরিণত হয়েছে। জনগণ একই আছে, আইন-কানুনও একই আছে, শুধু রূপ বদলেছে। একজনের জায়গায় অন্যজন ভোট দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের যে কথা বলা হয়েছিল, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।
বিরোধীদলী চিফ হুইপ আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার জন্য যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনও পূরণ হয়নি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজনৈতিকভাবে এর প্রভাব পড়বে। জনগণের দাবি আদায়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।


