logo

বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই

বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
আহত বিকাশ এজেন্ট সুমন মৃধা। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমন মৃধা উপজেলার বারবাকপুর এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করেন। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং মাথায় ছয়টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাত ৯টার পর দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সুমন মৃধা। আবদুল খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হওয়ার পর পেছন থেকে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। একপর্যায়ে তিনি সড়কে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা সাইড ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৭ লাখ ৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন ছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আহত সুমন মৃধা বলেন, প্রতিদিনের মতো রাত ৯টার পরে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম। স্কুল পার হওয়ার পর হঠাৎ পেছন থেকে এসে কয়েকজন আমাকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। আমি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেও পারিনি। তারা পাঁচজন ছিল। একজন আমাকে কোপ দেওয়ার সময় আমি মাথা নিচু করে ফেলায় আঘাতটি মাথার ওপরের অংশে লাগে।

তিনি আরও বলেন, ‘তারা সবাই মুখে মাস্ক/টুপি পরেছিল। আমি হাত দিয়ে তার টুপি সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এ সময় তিনজনকে চিনতে পারি। তারা হলো আফজাল শরীফ, রবিউল ইসলাম বাবু হাওলাদার ও লিটক। বাকি দুজনকে চিনতে পারিনি। পরে তারা আমাকে ফেলে রেখে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’