৪০০ ইয়াবাসহ ডিবির জালে ৩০ মামলার পলাতক আসামি

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
৪০০ ইয়াবাসহ ডিবির জালে ৩০ মামলার পলাতক আসামি
গ্রেপ্তার আল-আমিন হাওলাদার। ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুর সদর উপজেলায় ৩০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল থানতলী এলাকায় অভিযান চালায়। এ সময় আল-আমিনকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরে পুলিশ যাচাই করে জানতে পারে, তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মোট ৩০টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া রফিক ভাবনা বলেন, জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। অপরাধী যত বড়ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।