আস্ত ছাগল গিলে সুন্দরবন সংলগ্ন লোকালয়েই পড়ে ছিল অজগর

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে একটি ছাগল গিলে ফেলেছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। পরে সেটিকে উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল সকালে সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে না ফেরায় মালিক সোহরাব ফরাজী ছাগলটি খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর চরের ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ পড়ে থাকতে দেখেন। অজগরটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় ধারণা করা হয়, সাপটি ছাগলটি গিলে ফেলেছে।
খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন। এ সময় আস্ত ছাগল গিলে ফেলা অজগরটিকে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন।
ছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগর সাপটি তার ছাগলটি গিলে ফেলেছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা লোকালয় থেকে আনুমানিক ১৫ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৩৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে টহল ফাঁড়িতে নিয়ে আসেন। পরে দুপুরে অজগরটিকে নিরাপদে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।