মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে হত্যা, পাঁচ নারীসহ গ্রেপ্তার ৭

চাঁদপুরের হাইমচরে সম্পত্তি নিয়ে বিরোধে মরিচের গুঁড়া ছিটিয়ে ওমর ফারুক নামে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এজাহারনামীয় পাঁচ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুরে গ্রেপ্তার আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আঁখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। তাদের সবার বাড়ি হাইমচরের উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এছাড়া একই ঘটনায় জুম্মান (১৫) ও আব্দুল্লাহ (১৩) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ওমর ফারুক নামে ওই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত যুবকের বাবা আবদুল খালেক ঢালী বাদী হয়ে বুধবার সকালে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ তৎপরতার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
