মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করে ভিডিও ধারণ

মাগুরা শহরে ইমরান হোসেন নামে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন। এ সময় নয়ন ঘটনার একটি ভিডিও ধারণ করেন। এ সংক্রান্ত আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।
মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তিনি শহরের ভায়নার মোড় এলাকা হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইমরান হোসেন। নয়স মোটরসাইকেলের সামনে পড়ায় নয়ন হর্ন বাজান। হর্ন শুনে নয়ন না রাস্তা থেকে না সরায় ইমরান কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন ক্ষিপ্ত হয়ে ইমরানকে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাহিনীর একজন সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন এক পুলিশ সদস্যকে মারধর করেছেন। আমরা বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।



