logo

পণ্যবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

পণ্যবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানজট। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) ভোর থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনের বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

এতে দূরপাল্লার অসংখ্য যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে এবং চট্টগ্রাম ও কুমিল্লাগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, ভোরে ভিটিকান্দি এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় ট্রাকের পণ্য সড়কে ছড়িয়ে পড়লে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পণ্য অপসারণ ও দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর কাজ শুরু করে। ইতোমধ্যে সড়ক থেকে পণ্য ও ট্রাক সরানোর কাজ প্রায় শেষ হয়েছে। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।