logo

২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ’

২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ’
‘খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়িতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া এলাকায় কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় দেশের চারটি বিভাগে একযোগে ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায় এ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, কলেজটি চালু হলে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা খাগড়াছড়িতে এসে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। এতে জেলার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার প্রসার ও দক্ষ প্রকৌশলী তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে খাগড়াছড়ির শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত হবে বলে আমরা আশা করি।

একই সঙ্গে খাগড়াছড়িতে বিমানবন্দর স্থাপনের পরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি।