১০৮ বছরেও হয়নি ‘লাশঘর’, রাতে থানার মেঝেতেই পড়ে থাকে মরদেহ

কক্সবাজার জেলা সদর থেকে শত কিলোমিটার উত্তরে দ্বীপ উপজেলা কুতুবদিয়া। বঙ্গোপসাগরের মাঝের এ দ্বীপে থানাটিতে প্রতিষ্ঠার ১০৮ বছর পেরিয়ে গেলেও এখনও নির্মাণ হয়নি মরদেহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ‘লাশঘর’। ফলে এ দ্বীপে অস্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনায় উদ্ধার হওয়া মরদেহ সংরক্ষণ নিয়ে প্রতিনিয়ত চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে পুলিশ ও স্বজনদের।
থানা সূত্রে জানা গেছে, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই থানায় এখনও মরদেহ রাখার জন্য আলাদা কোনো কক্ষ নেই। অথচ দেশের অনেক থানাতেই থানা কম্পাউন্ডে লাশঘর থাকায় মরদেহ সংরক্ষণে সুবিধা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২২ মার্চ সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবালের চরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আব্দুল হামিদ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। ওইদিন সন্ধ্যার পর মরদেহ উদ্ধার হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে মরদেহটি সারারাত থানার নিচতলায় খোলা জায়গায় রেখে পাহারা দিতে হয় পুলিশ ও স্বজনদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়া দ্বীপে এমন পরিস্থিতি প্রায়ই ঘটে। সকালে মরদেহ উদ্ধার হলে প্রায় শত কিলোমিটার দূরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুপুরের পর উদ্ধার হলে সেদিন আর পাঠানোর সুযোগ থাকে না। ফলে রাতভর খোলা মেঝেতে পড়ে থাকে মরদেহ। এ সময় শেয়াল বা কুকুরের আক্রমণের আশঙ্কায় পুলিশ ও স্বজনদের সারারাত পাহারায় থাকতে হয়।
স্থানীয় আইনজীবী এসএম সাইফুল্লাহ খালেদ এশিয়া পোস্টকে বলেন, ‘কুতুবদিয়া উপজেলা হাসপাতালেও কোনো হিমঘর নেই। থানায়ও লাশঘর না থাকায় মরদেহ সংরক্ষণে চরম দুর্ভোগ পোহাতে পুলিশ ও স্বজনদের। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আশা করব, মানবিক ও নিরাপত্তাজনিত দিক বিবেচনায় দ্রুত থানায় একটি লাশঘর নির্মাণ করা হোক। এতে মরদেহ সংরক্ষণে যেমন সুবিধা হবে, তেমনি কমবে দুর্ভোগ।’
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, ‘দেশের সব থানায় লাশঘর থাকার কথা হলেও এখানে নেই। দ্বীপ এলাকা হওয়ায় বিকাল বা রাতে মরদেহ পাঠানোও সম্ভব হয় না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘লাশঘর সরাসরি থানার অবকাঠামোর অংশ নয়, তাই সব থানায় নেই। সাধারণত অন্য কোনো সংস্থা বা স্থানীয় উদ্যোগে এটি নির্মাণ করা হয়। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ-সমাধানের চেষ্টা করা হবে।’