চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে জরিমানা

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে তিনটি রেস্তোরাঁ মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হোটেলগুলো থেকে উদ্ধার করা প্রায় ১ মণ ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শহরের বড় স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অপরাধে হিলশা কিচেনকে ৩০ হাজার টাকা, মেজবান হোটেলকে ২০ হাজার টাকা এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম এবং চাঁদপুর মডেল থানা পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অভিযান শেষে জব্দকৃত ১ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সরকারি আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
