সেই নারী শিক্ষকের অপসারণে বিএনপি নেতাদের আল্টিমেটাম

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে নারী শিক্ষককে মারধর ও হাতাহাতির ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুন হীরার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাহেব বাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে দাওকান্দি বাজার এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক এবং তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ, বহিষ্কৃত জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ইউজদার আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ দাবি করেন, কয়েকটি মিডিয়া ভুল খবর প্রচার করায় তাদের সম্মানহানি হয়েছে। একসময় উত্তেজিত হয়ে তিনি বলেন, আমাকে কি দেখতে চাঁদাবাজ মনে হয়? ২৩ এপ্রিল কলেজটিতে বেলা ১১টারে দিকে তারা প্রবেশ করেন। এ সময় ১৪৪ ধারা জারি ছিল না বলেও দাবি করেন তিনি।
বহিষ্কৃত বিএনপি নেতা আকবর আলী জানান, এই ঘটনায় মারামারি কিংবা লাঞ্ছিত হওয়া কোন ঘটনাতেই তিনি ছিলেন না। এমনকি ক্যামেরার ফুটেজেও তাকে দেখা যায়নি। তারপরও কেন্দ্রীয় কমিটি কেন তাকে বহিষ্কার করলো সে বিষয়ে তিনি জানতে চান। তিনি অভিযোগ করেন, বট বাহিনীর প্রচারণা এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোই কেন্দ্র তাকে দল থেকে বহিষ্কার করেছ।
এছাড়া সংবাদ সম্মেলনে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দাওকান্দি কলেজের অধ্যক্ষ এবং অভিযুক্ত নারী প্রদর্শকের অপসারণ এবং বিচার দাবি করেছেন। তারা বৃহিস্পতিবারের (২৩ এপ্রিল) ঘটনাটি আংশিক প্রচার না করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রচারের অনুরোধ জানিয়েছেন গণমাধ্যমগুলোর প্রতি।