কৃষকদল নেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ

পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বহিষ্কৃত জেলা কৃষকদল নেতা ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। এর ফলে দিনাজপুর শহরের প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কোতোয়ালি থানা এলাকা, কাঞ্চনঘাট, কলেজ মোড়, সুইহারী ও সিঅ্যান্ডবি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও ব্লকেড করেন পরিবহনশ্রমিকেরা।
এর আগে, গত রোববার (৯ আগস্ট) রাতে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতর সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গালিগালাজ ও থাপ্পড় মারার অভিযোগে মজিবর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।
শ্রমিকেরা বর্তমানে তিন দফা দাবি তুলেছেন— মজিবর রহমানের নিঃশর্ত মুক্তি, অভিযোগকারী সিআইডি কর্মকর্তার গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার। এসব দাবি না মানা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার নথিপত্র সংগ্রহে সিভিল পোশাকে থানায় যাওয়া সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমানের সঙ্গে থানার ওসির কক্ষের সামনে কথা-কাটাকাটি হয় মজিবর রহমানের। একপর্যায়ে মজিবর রহমান ওই পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পরবর্তী সময়ে ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে জেলা মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবদুল কাইয়ুম অভিযোগ করেন, একটি অভিযোগ জমা দিতে থানায় গেলে অপ্রীতিকর ঘটনাটি ঘটে। পরে মজিবর রহমানকে অন্যায্যভাবে গ্রেপ্তার করে থানায় নির্যাতন করা হয়।
এর আগে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার জাতীয়তাবাদী কৃষকদলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে মজিবর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
.png)


