logo

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী 

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী 

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে, ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। ‘হ্যাঁ’ এর শপথের কোনো প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদ নির্বাচন হয়েছে। শপথও হয়েছে। ‘হ্যাঁ’ ‘না’ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।  ‘হ্যাঁ’ এর শপথের কোন প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ। সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কীভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নেবেন, সেই বিষয়ে কথা বলা দরকার। 

তিনি বলেন, যেখানে ‘না’ ভোট হয়েছে সেখানে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে। সেখানে নির্ধারিত হবে ‘না’ যেটা সেটা কিভাবে হবে, যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা সেখানে নির্ধারিত হবে। এ ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার। 

তিনি আরও বলেন, যারা মব করছেন এখান থেকে সরে আসা উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

সবশেষে পানিসম্পদ মন্ত্রী বলেন, মত-পথ ভিন্ন থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা করতে হবে—এমন অবস্থান থেকে বেরিয়ে এসে দেশটা গড়ার জন্য সবাই একসঙ্গে কাজে মনোযোগী হওয়া দরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।