logo

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদ উপহার পেলেন সেই শিক্ষক

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদ উপহার পেলেন সেই শিক্ষক
ছবি: সংগৃহীত

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা চলাকালীন বৃষ্টিতে ভিজে কোমলমতি শিক্ষার্থীদের মাঠে থেকে উৎসাহ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীনকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) রাতে ফেনী শহরের সেলিনা পারভীন সড়কে ওই শিক্ষিকার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয় সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেদিন ম্যাচ চলাকালীন প্রচণ্ড বৃষ্টির মাঝেও মাঠের পাশে দাঁড়িয়ে গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন নিজের স্কুলের শিক্ষার্থীদের প্রতিনিয়ত উৎসাহ ও নির্দেশনা দিচ্ছিলেন। সেই অনুপ্রেরণা দেওয়ার একটি মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত দেশজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাড়িতে উপহার নিয়ে যান।

​উপহার পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীন বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সব সময় নিজের সন্তানের মতো আচার-আচরণ করার চেষ্টা করি। আমার বাবা ও স্বামীও ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই অনুপ্রেরণায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সবসময় নিজে মাঠে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এবারও টুর্নামেন্টের সেমিফাইনালের একটি খেলা চলাকালীন কেউ একজন অপ্রস্তুত অবস্থায় একটি মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করেন। পরবর্তীতে সেটি প্রধানমন্ত্রীর নজরে আসায় আজ উপহার পাঠিয়েছেন। বিষয়টি আমার জন্য অনেক বড় পাওয়া।

​ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফুটবল খেলা চলাকালীন সৈয়দা খালেদা আক্তার পারভীন ম্যাডাম বৃষ্টিতে ভিজে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। তখনকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর আজ নির্দেশনার পেয়ে ওই শিক্ষিকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে এসেছি। শিক্ষিকার এমন উৎসাহ দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণামূলক ও অত্যন্ত ইতিবাচক।

শিক্ষক খালেদা পারভীন নিজেও ছাত্রজীবনে ব্যাডমিন্টন ও হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তার প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন একজন ফুটবল প্রশিক্ষক এবং তার ভাই মো. মামুনও ছিলেন ফুটবল খেলোয়াড়।

​উপহার প্রদানের সময় ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায়, মো. শাহরিয়ার সজল, প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন, গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা সুলতানা এবং সহকারী শিক্ষক শাহিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।