মদ খেয়ে নৌ পুলিশ সদস্যের মাতলামি, জানা গেল পরিচয়

নারায়ণগঞ্জে মদ খেয়ে এক নৌ পুলিশ সদস্যের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে শহর থেকে বন্দর নদী পারাপাড়ে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই নৌ পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) কর্মরত।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নৌ পুলিশ সদস্য অস্বাভাবিক আচরণ করছেন। তিনি মাটিতে বসে গান গাইছেন, নাচানাচি করছেন। তাকে বিলাপ করতে দেখা যায়। অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলের মানুষের ভিড় জমে।
এ সময় উপস্থিত জনতা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তাদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্ত্রী তাকে মারধর করেছেন। তিনি মদ পান করেছেন বলেও জানান। ভিডিওতে তাকে অস্বাভাবিক অবস্থায় কথা বলতে, নাচানাচি করতে এবং বিভিন্ন ধরনের ভঙ্গিমায় আচরণ করতে দেখা যায়।
এ বিষয়ে সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



