জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়ার মিশনপাড়া মসজিদসংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে মণ্ডলপাড়া পুল এলাকায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, জুলাই দেশের মানুষের জাতীয় আকাঙ্ক্ষা ও গণঅভিলাষের প্রতীক। যাদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট জনগণের প্রত্যাশা বাস্তবায়ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত জুলাই সনদ কার্যকর করতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আবদুল জব্বার বলেন, রাজনৈতিক বৈষম্য দূর করে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গণমিছিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
.png)





