দৌলতদিয়া ফেরিঘাটে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদকসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।



