logo
Advertisement

গায়েবি আর ভূতুড়ে মামলা যেন না হয়: হুইপ গউস

গায়েবি আর ভূতুড়ে মামলা যেন না হয়: হুইপ গউস
সুনামগঞ্জে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন হুইপ মো. জি কে গউস। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, গায়েবি মামলা আর ভূতুড়ে মামলা যেন না হয়। কোনো মিথ্যা মামলা তৈরি করে মানুষকে আসামি করা যাবে না। তবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। বিএনপি জেনে শুনে কোনো অন্যায় করবে না, কোনো অন্যায়কে বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেবে না— এটা বিএনপির অঙ্গীকার।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের বিশেষ প্রণোদনা যেন সঠিক লোকরা পায়। সেবা প্রার্থীদের হাসিমুখে সেবা দিতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় হুইপ বলেন, গেল ১৭ বছর অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছে, সর্বশেষ অন্তর্বর্তীকালীন দুই বছর ছিল মব কালচার। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বলেছেন— দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা। এটি একটি কঠিন কাজ। কারণ দীর্ঘ ১৭ বছর আইন অমান্য করতে করতে মানুষের মধ্যে আইন না মানার একটি অভ্যাস তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না। একজন ব্যক্তি যত ত্যাগ বা আত্মত্যাগই করে থাকুন না কেন, তার কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র বহন করবে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ জেলা পর্যায়ের সব অফিসার উপস্থিত ছিলেন। সভায় সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।