logo
Advertisement

কপালে হাত দিয়ে নারীর ২ ভরি স্বর্ণ লুট

কপালে হাত দিয়ে নারীর ২ ভরি স্বর্ণ লুট
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নওগাঁর বদলগাছীতে ঘরে ঢুকে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে তাকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি কপাল ও চোখে হাত দেওয়ার পর তিনি ঝিমিয়ে পড়েন এবং একপর্যায়ে চেতনা হারিয়ে ফেলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিনা বেগম।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল চারটার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একাই ছিলেন। বসতঘরের দরজা খোলা থাকার সুযোগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন। পরিনা বেগমের দাবি, ওই ব্যক্তি তার কপাল ও চোখে হাত দেওয়ার পর তিনি ঝিমিয়ে পড়েন এবং চেতনা হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তি যা বলছিলেন, তিনি সেভাবেই চলছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা, রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের স্বাক্ষর করা দুটি ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

বিকেল পাঁচটার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অসংলগ্ন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশী শাহিনা বেগম, রওশন আরা ও শিফা আক্তারসহ স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।