সীমান্তে মাইন বিস্ফোরণে কাঠুরিয়া আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৫৩) নামে এক বাংলাদেশি কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
আহত আব্দুল জব্বার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, জীবিকার তাগিদে কয়েকজন বাংলাদেশি কাঠুরিয়া মিয়ানমারের অভ্যন্তরে কাঠ সংগ্রহ করতে গেলে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে আব্দুর জব্বার গুরুতর আহত হন।
কক্সবাজার সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, বিস্ফোরণে আব্দুর জব্বারের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।