সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৭৮ বছর। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নজরুল ইসলাম চৌধুরীর ছেলে নাফিজ চৌধুরী এশিয়া পোস্টকে জানান, তার বাবা দীর্ঘ দিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন। তার অবস্থার উন্নতি হচ্ছিল। সোমবার ভোরে হঠাৎ ডিটরিয়েট করে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে নজরুল ইসলাম চৌধুরীর প্রথম জানাযা হবে। মঙ্গলবার বেলা ১১টায় তার নির্বাচনী এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরী ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের আগস্টে অভ্যুত্থানের মুখে সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বের অবসান ঘটে।