logo
Advertisement

সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল মারা গেছেন

সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল মারা গেছেন
সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল। ছবি: এশিয়া পোস্ট

দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ সংবাদদাতা ও কুমিল্লার চান্দিনার সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল (৪২) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি কামাল আতাতুর্ক মিসেলকে ঢাকায় নেওয়া হয়। পরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ আসর চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জের মুন্সীবাড়ির প্রয়াত কামাল হোসেন মুন্সীর ছোট ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে—আবসান কামাল মুন্সী (৮) ও আরাবী কামাল মুন্সী (৩)—এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কামাল আতাতুর্ক মিসেল সাংবাদিকতা জীবনে কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক রূপসী বাংলা ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। পরে দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের দুর্ভোগ, অনিয়ম, অব্যবস্থাপনা ও নানা সমস্যা নিয়ে সংবাদ প্রকাশের জন্য তিনি পরিচিত ছিলেন। মাঠপর্যায়ে সরেজমিনে ঘুরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তার আলাদা পরিচিতি ছিল। সাধারণ মানুষের কথা তুলে ধরতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। এ কারণে সহকর্মী ও স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি ‘চারণ সাংবাদিক’ হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া দৈনিক রূপসী বাংলার সম্পাদক আসিফ তরুনাভ, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক মো. রফিকুল ইসলাম, এশিয়া পোস্ট কুমিল্লার প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।