logo

অশোভন আচরণের অভিযোগে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন সাংবাদিকদের

অশোভন আচরণের অভিযোগে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন সাংবাদিকদের

ময়মনসিংহে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনুষ্ঠান বর্জন করেন সাংবাদিকরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকরা বলেন, শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভার সংবাদ সংগ্রহের জন্য ক্যামেরা ও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন প্রবেশ করে বলেন, ‘সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান। সার্কিট হাউসের ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।’ 

শিক্ষামন্ত্রীর এ কথা বলার পরই উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক সাংবাদিকদের জোর করে ও ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বের করে দেন। কেউ কেউ ঘুষি মারতেও উদ্যত হন। এ অবস্থায় শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বর্জন করেন সাংবাদিকরা।

এখন টিভির ময়মনসিংহ ব্যুরোপ্রধান হারুনুর রশিদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান কাভার করার দাওয়াত পেয়েই গিয়েছিলাম। অথচ শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় শিক্ষকরাও অশোভন আচরণসহ মারমুখী আচরণ করলে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন। যারা মারমুখী আচরণ করেছে, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্টার নিউজের ময়মনসিংহ ব্যুরোপ্রধান সাদেকুর রহমান বলেন, সাংবাদিকদের সঙ্গে কিছু শিক্ষক ও শিক্ষামন্ত্রীর অশোভন আচরণের কারণে অনুষ্ঠান বর্জন করেন সাংবাদিকরা। যারা আদর্শ মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নিজে সাংবাদিকদের তাড়িয়ে দেন। শিক্ষকরা মারমুখী আচরণ করেন। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। শিক্ষামন্ত্রীর এমন আচরণ যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে আমি মনে করি- সারা দেশের সাংবাদিকরাই তার সব অনুষ্ঠান বর্জন করবেন।

তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বা অনুষ্ঠানে থাকা শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।