logo

খুলনায় ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

খুলনায় ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন। এ নিয়ে চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রগুলো জানায়, সরকারি হিসাবের বাইরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি। রোগী দ্রুত বাড়ায় খুলনার অধিকাংশ বেসরকারি হাসপাতালেও শয্যাসংকট দেখা দিয়েছে।

গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন-আনোয়ারা বেগম (৬৬), মাহফুজ খান (২৭), রাবেয়া (৩৬), মাসুম বিল্লাহ (৪৮) ও হনুফা বেগম (৫০)।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত আগস্ট মাস থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরে এসে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় ৪৮ ঘণ্টার তথ্য একসঙ্গে প্রকাশ করা হয়েছে। এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৩০২ জন। এর মধ্যে ১০ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১১ জন রোগী চিকিৎসাধীন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, মশার লার্ভা ও উড়ান্ত মশা নিধন, জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়াতে বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের অর্থ দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০টি নতুন শয্যা কিনে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংস্থার উদ্যোগে মশারি বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম চলছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।